বাংলাদেশ ক্রিকেটের তিন তারকা সাকিব, তামিম ও মাশরাফি।বিসিবিতে সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে মাশরাফি, দুর্জয়কেও টানেন তামিম ইকবাল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের ক্রিকেটের তিন কিংবদন্তি—সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও নাঈমুর রহমান দুর্জয় বর্তমানে একই ধরনের আইনি ও পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তাই কেবল একজনকে নিয়ে আলাদা করে ভাবার সুযোগ নেই।

কথা হোক তিনজনকে নিয়ে

সাকিবের দেশে ফেরা সংক্রান্ত প্রশ্নের জবাবে তামিম সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “গত দেড়-দুই বছর ধরে আমরা শুধু একজন ক্রিকেটারকে নিয়েই কথা বলছি। আমার অনুরোধ, যখন এই প্রশ্নটা করবেন তখন মাথায় রাখবেন যে আমাদের তিনজন সাবেক অধিনায়ক একই পরিস্থিতিতে আছেন। সাকিবের সঙ্গে মাশরাফি বিন মুর্তজা ও নাঈমুর রহমান দুর্জয়ের নামও উল্লেখ করা উচিত।”

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে মাশরাফি লোকচক্ষুর অন্তরালে আছেন এবং নাঈমুর রহমান দুর্জয়কে গত জুলাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, সাকিব দেশের বাইরে থেকেই আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে গেলেও আইনি জটিলতায় দেশে ফিরতে পারছেন না।

আরও পড়ুন: ‘বাংলা টাইগার্স’ চ্যাপ্টার বন্ধ করছে তামিমের বিসিবি

বোর্ডের সীমাবদ্ধতা ও স্বাগত জানানোর প্রতিশ্রুতি

তিনজনই সাবেক সংসদ সদস্য হওয়ায় তাঁদের বিরুদ্ধে বেশ কিছু আইনি প্রক্রিয়া চলমান। আইনগত বিষয়ে বিসিবির কিছু করার নেই।

এই বিষয়ে তামিম বলেন, “আইনগত যে বিষয়গুলো আছে, সেখানে ক্রিকেট বোর্ডের কিছু করার নেই। তবে ক্রিকেটীয় দিক থেকে আমরা তাঁদের দুহাত বাড়িয়ে স্বাগত জানাতে প্রস্তুত। তাঁরা যদি আইনি সমস্যাগুলো সমাধান করে আসতে পারেন, তবে বিসিবি তাঁদের সব ধরনের সহায়তা দেবে।”

তিনি আরও যোগ করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও এই বিষয়ে নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে।

নির্বাচনের দিনক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা

সংবাদ সম্মেলনে তামিম ঘোষণা করেন যে, আগামী ৩ মে বোর্ড সভার মাধ্যমে বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। বর্তমান অ্যাড-হক কমিটির মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই থেকে তিন সপ্তাহ আগেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে তাঁদের। তামিমের আশা, ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই বিসিবি একটি নির্বাচিত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ পাবে।

আরও পড়ুন: সভাপতির চেয়ারে বসে অহংকার বা রাগ নেই: তামিম ইকবাল