মাঠে জাতীয় সংগীত গাইছেন বাংলাদেশের ক্রিকেটাররা।টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক নিক কেলি। ফলে সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে স্বাগতিক বাংলাদেশকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। চট্টগ্রামের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের দল। আজ মিরপুরে শেষ টি-টোয়েন্টিতে জয় মানেই কিউইদের বিপক্ষে আরেকটি ঐতিহাসিক সিরিজ জয়।

ফিরলেন সাইফউদ্দিন

সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। পিঠের চোটের কারণে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তাঁর পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বল হাতে গতির পাশাপাশি ব্যাট হাতেও লোয়ার অর্ডারে ভরসা জোগাতে পারেন তিনি।

আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াডে ‘০’ পরিবর্তন

এদিকে, গত ম্যাচে অভিষেক হওয়া তরুণ রিপন মণ্ডলের ওপর আবারও আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে স্কোয়াডে থাকা আব্দুল গাফ্ফার সাকলাইনের অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

নিউজিল্যান্ড শিবিরে দুই পরিবর্তন

সিরিজ হার এড়াতে নিউজিল্যান্ড তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন প্রথম ম্যাচে অভিষেক হওয়া ম্যাথু ফিশার এবং বেন লিস্টার। তাঁদের পরিবর্তে কিউই একাদশে ফিরেছেন জেডেন লেনক্স ও বেন সিয়ার্স। প্রথম ম্যাচে শেষ ওভারে খেই হারিয়ে ফেলা ফিশারকে আজ দর্শক সারিতেই থাকতে হচ্ছে।

মিরপুরের আকাশ ও বৃষ্টির শঙ্কা

মিরপুরের আকাশ আজ বেশ মেঘলা। দুপুর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, তাই আজ খেলা যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে। তবে মাঠের লড়াইয়ে জিতেই ট্রফি উদযাপন করতে চায় টাইগাররা। বৃষ্টির কারণে ওভার কাটার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশের একাদশ:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।

নিউজিল্যান্ড একাদশ:

কাটেনে ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, জশ ক্লার্কসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স ও বেন সিয়ার্স।

আরও পড়ুন: ১ বলে ১৭ রান! বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অবিশ্বাস্য ঘটনা