বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে হাভিয়ের কাবরেরার উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন তোড়জোড়। বাফুফের প্রধান কোচের পদের জন্য জমা পড়া পাহাড় সমান আবেদন থেকে ২২ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে যাচাই-বাছাই কমিটি। রোমাঞ্চকর তথ্য হলো, এই তালিকায় জায়গা করে নিয়েছেন ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার কোচরাও।
বাফুফে ভবনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বাফুফের নির্বাহী সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য ইকবাল হোসেন। তিনি জানান, প্রধান কোচ হিসেবে ২২ জন এবং গোলকিপিং কোচের পদের জন্য ১৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
ব্রাজিল-আর্জেন্টিনার স্বাদ কি পাবে বাংলাদেশ?
গত এক দশকে লাতিন আমেরিকা থেকে কোনো কোচ নিয়োগ দেয়নি বাংলাদেশ। তবে এবার সেই ধারা ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে।
ইকবাল হোসেন বলেন, “তালিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার কোচও আছে। আমাদের কাছে সংক্ষিপ্ত তালিকায় যাদের সিভি দেখে মনে হয়েছে যে তাদের জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা আছে, তাদেরই রাখা হয়েছে।”
আজ সোমবার জাতীয় দল কমিটির সভায় এই তালিকা তোলা হবে। এরপর তালিকা ছোট হয়ে আসতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন:
হামজা-শামিতদের কোচ হতে ২০০ আবেদন! বাছাইয়ে বাফুফের কমিটি
বাছাইয়ের মানদণ্ড যখন ‘প্রো-লাইসেন্স’
কোচ নির্বাচনে কোনো ধরনের আপস করতে নারাজ বাফুফে। বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফিফা/এএফসি প্রো-লাইসেন্সকে।
ইকবাল হোসেন বলেন, “যাদের প্রো-লাইসেন্স ছিল না, তাদের শুরুতেই তালিকা থেকে বাদ দিয়েছি। এছাড়া কোচদের অভিজ্ঞতা, টেকনিক এবং বর্তমানে তাঁরা কোথায় কাজ করছেন, সেই বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে।”
তালিকায় থাকা কোচদের বয়স সাধারণত ৪০ থেকে ৬০ বছরের মধ্যে হলেও, অভিজ্ঞতার পাল্লা ভারী হওয়ায় ৬৫ বছর বয়সী কোচকেও বিবেচনায় রেখেছে কমিটি। ২২ জনের এই তালিকা থেকে দ্রুতই ৩-৪ জনকে চূড়ান্ত করা হবে, যেখানে খেলোয়াড়দের পছন্দের বিষয়টিও গুরুত্ব পাবে।
পারিশ্রমিক নিয়ে অনড় বাফুফে
ভালো ফলের জন্য বড় বিনিয়োগে পিছপা হতে চায় না দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। কোচের পারিশ্রমিক নিয়ে ইকবাল হোসেন স্পষ্ট করে বলেন, “ভালো কোচ সে যেকোনো জায়গায়ই ভালো করতে পারে। ভালো কোচ আনতে হলে তো ভালো পয়সা খরচ করতেই হবে।”
তবে বাফুফে এখনও কোনো কোচের সাথে সরাসরি যোগাযোগ করেনি; ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তের পরই শুরু হবে আলাপ-আলোচনা।
কাবরেরা যুগের অবসান
দীর্ঘ ৪ বছর ধরে বাংলাদেশ দলের ডাগআউট সামলানো হাভিয়ের কাবরেরার অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলেছে। গুঞ্জন ছিল তিনি আবারও আবেদন করতে পারেন, কিন্তু যাচাই-বাছাই কমিটি নিশ্চিত করেছে যে আবেদনকারীদের তালিকায় কাবরেরার নাম পাওয়া যায়নি।
ফলে আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ দলকে দেখা যাবে সম্পূর্ণ নতুন এক কোচের অধীনে।
আরও পড়ুন:
হামজাদের কোচ নিয়োগে ১০০ জন বাদ, তালিকাতেই নেই কাবরেরা

