স্পেনের জার্সিতে তারকা ফুটবলার লামিনে ইয়ামাল।বিশ্বকাপের শুরুতে তারকা লামিনে ইয়ামালকে পাবে না স্পেন। ছবি: রয়টার্স

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বড় ধরনের ধাক্কা খেলো স্পেন জাতীয় ফুটবল দল। চোটের কারণে টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে মাঠের বাইরে থাকতে হচ্ছে স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামালকে। বার্সেলোনার হয়ে গত মাসে সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এই তরুণ উইঙ্গার। সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় স্পেনের বিশ্বকাপ মিশনের শুরু থেকে তার খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

কেপ ভার্দে ও সৌদি আরব ম্যাচে অনুপস্থিতি

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৫ জুন কেপ ভার্দেসের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে ইয়ামালকে দলে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

শুধু প্রথম ম্যাচই নয়, ২১ জুন সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও এই বার্সা তারকা মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে। তবে সেই ম্যাচেও তিনি সময়মতো ফিট হতে পারবেন কি না, সে বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে এখনো নিশ্চিত কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি।

আরও পড়ুন:
২০২৬ বিশ্বকাপ কাঁপাতে পারেন ইয়ামাল-এস্তেভাওসহ ১০ বিস্ময় বালক

বার্সেলোনা ও স্পেনের সতর্ক অবস্থান

সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করার পর চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে আর মাঠে নামতে পারেননি ইয়ামাল।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই উইঙ্গারকে পুরোপুরি সুস্থ করতে দীর্ঘমেয়াদি ও সতর্ক চিকিৎসা প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

হ্যামস্ট্রিংয়ের চোট উইঙ্গারদের জন্য বেশ সংবেদনশীল হওয়ায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনও কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। গতি ও স্প্রিন্টের ওপর নির্ভরশীল ইয়ামালের চোট পুনরুত্থান হলে তা ক্যারিয়ারের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে।

তাই স্পেনের মেডিকেল টিম নিয়মিত বার্সেলোনায় গিয়ে ক্লাবের চিকিৎসকদের সাথে যৌথভাবে তার পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে।

স্পেনের আক্রমণভাগে বড় শূন্যতা

বার্সেলোনা কিংবা স্পেন—উভয় দলের জন্যই বর্তমানে সবচেয়ে কার্যকরী ও প্রতিপক্ষের জন্য বিপজ্জনক আক্রমণভাগের ফুটবলার লামিন ইয়ামাল। তার গতি এবং ড্রিবলিংয়ের অভাব স্পেনের আক্রমণভাগের ধার অনেকটাই কমিয়ে দেবে।

তবে দল ও ক্লাব দুই পক্ষই ফুটবলারের ভবিষ্যতের কথা চিন্তা করে তাড়াহুড়ো না করার বিষয়ে একমত হয়েছে।

আরও পড়ুন:
‘বিশ্বমঞ্চে রাজত্ব করতে ইয়ামালকে বার্সা ছাড়তে হবে’