Bangladesh pacer Hasan Mahmud celebrating a wicket in international cricket.মাঠে ফেরার অপেক্ষায় হাসান মাহমুদ। ছবি: এএফপি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন সংস্করণের অন্যতম প্রধান পেস বোলিং অস্ত্র হাসান মাহমুদ। বিশেষ করে লাল বলের ক্রিকেটে গত কয়েক বছর ধরে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছিলেন এই ডানহাতি পেসার। তবে ইনজুরির কারণে গত দুই মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। এই চোটের কারণেই জাতীয় দলের সবশেষ দুটি সিরিজে দলের সঙ্গে থাকতে পারেননি তিনি। বর্তমানে তিনি স্ত্রীসহ লন্ডনে আছেন।

বিসিবি মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, হাসান মাহমুদের ডান হাতের কনুইয়ে ‘টেনিস এলবো’র সমস্যা দেখা দিয়েছিল। মূলত বোলারদের অতিরিক্ত ওয়ার্কলোড বা বোলিং চাপের কারণে এই ধরনের চোট দেখা দেয়।

তবে আশার কথা হলো, চিকিৎসকের পরামর্শ ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি এখন ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন।

লন্ডনে রিহ্যাভ ও মাসখানেকের ছুটি

ঈদের ছুটি কাটাতে হাসান মাহমুদ বর্তমানে তার স্ত্রীর সঙ্গে লন্ডনে অবস্থান করছেন।

জানা গেছে, ক্রিকেট বোর্ড থেকে তিনি মাসখানেকের ছুটি নিয়েছেন। তবে ছুটিতে থাকলেও অলস সময় কাটাচ্ছেন না এই টাইগার পেসার। লন্ডনে বসেই নিজের রিহ্যাভ বা পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি, যাতে দেশে ফিরেই দ্রুততম সময়ের মধ্যে বল হাতে মাঠে নামতে পারেন।

অস্ট্রেলিয়া সিরিজে ফেরার সম্ভাবনা কতটুকু?

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে হাসান মাহমুদ পুরোপুরি চোটমুক্ত হলেও তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করবে টিম ম্যানেজমেন্ট।

দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের কথা চিন্তা করে তার ওয়ার্কলোড বা কাজের চাপ বিবেচনা করেই তাকে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হবে। ঘরের মাঠে ওজিদের বিপক্ষে আসন্ন সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সিরিজে তিনি স্কোয়াডে থাকবেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি নির্বাচকরা।

তবে ভেতরের খবর, এই পেসারকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না বিসিবি, ফলে অস্ট্রেলিয়া সিরিজে তার না থাকার সম্ভাবনাই বেশি।

এদিকে ঈদের ছুটি কাটিয়ে জাতীয় দলের বাকি ক্রিকেটাররা মাঠে ফিরছেন চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে।

এরপর আগামী ১ জুন ঘোষণা করা হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল। সিরিজে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে আগামী ৪ জুন থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্প।

আরও পড়ুন:
‘হেক্সা’র পর নোয়াখালীর জয়, হাসান মাহমুদ এনে দিলেন সেই স্বাদ