Real Madrid players celebrating a win at the Santiago Bernabeu.রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপ্পে-বেলিংহামদের উদযাপন। ছবি: গেটি ইমেজেস

বিশ্ব ফুটবলের সবচেয়ে ধনী ও দামি ক্লাবের সিংহাসনটা নিজেদের দখলেই রাখল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মার্কিন খ্যাতনামা সাময়িকী ‘ফোর্বস’-এর প্রকাশিত বার্ষিক তালিকায় ফুটবল ক্লাবগুলোর মূল্যের নতুন রেকর্ড সামনে এসেছে। যেখানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।

তবে শীর্ষস্থানে থাকা রিয়াল মাদ্রিদের বর্তমান বাজারমূল্য অন্য সব ক্লাবকে ছাড়িয়ে এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে।

ফোর্বসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিশ্ব ফুটবলে রিয়াল মাদ্রিদের ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ৯৫০ কোটি ডলারে (প্রায় ৭০০ কোটি পাউন্ড)। গত বছরও তাদের মূল্য ছিল ৬৭৫ কোটি ডলার।

অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে স্প্যানিশ ক্লাবটির সম্পদ ও ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ব্যাপক হারে।

অন্যদিকে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার বর্তমান মূল্য ৭৫০ কোটি ডলার এবং তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ৭২০ কোটি ডলার।

আরও পড়ুন:
মরিনহো যুগের শুরুতেই রিয়াল ছাড়ছেন ৩ তারকা, এমবাপ্পেও ‘যাচ্ছেন’

ম্যানইউর ভরাডুবি ও ইংলিশ লিগের দাপট

মাঠের পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব স্পষ্ট দেখা গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্র্যান্ড মূল্যে। ২০২৪-২৫ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ নম্বরে থেকে আসর শেষ করা এবং ইউরোপা লিগের ফাইনালে হেরে যাওয়া ক্লাবটির বার্ষিক আয় ছিল ৮৬ কোটি ৫০ লাখ ডলার।

মাঠের এই ভরাডুবির কারণেই মূলত রেড ডেভিলসদের টপকে দুই নম্বরে জায়গা করে নিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা।

তবে রিয়াল ও বার্সা শীর্ষ দুটি স্থান দখল করলেও ফোর্বসের শীর্ষ ৩০টি ক্লাবের তালিকায় সবচেয়ে বড় দাপট দেখিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। শীর্ষ ১০টি ক্লাবের মধ্যে ৬টি এবং শীর্ষ ৩০-এর মধ্যে সর্বোচ্চ ১১টি ক্লাবই ইংল্যান্ডের।

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লিভারপুল ৬২০ কোটি ডলার মূল্য নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে।

তবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) উত্থানে এক ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে ম্যানচেস্টার সিটি (৫৫০ কোটি ডলার)।

ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি ৫৮০ কোটি ডলার মূল্য নিয়ে সপ্তম থেকে সরাসরি পাঁচ নম্বরে উঠে এসেছে। আর ৫৭০ কোটি ডলার নিয়ে ষষ্ঠ স্থানে অপরিবর্তিত রয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

আর্সেনালের নতুন সূর্য ও শীর্ষ ৩০-এর খতিয়ান

শীর্ষ ১০-এর বাকি তিনটি স্থানও ইংলিশ ক্লাবগুলোর দখলে। ৫৪০ কোটি ডলার নিয়ে আর্সেনাল অষ্টম, ৪২০ কোটি ডলার নিয়ে চেলসি নবম এবং ৩০০ কোটি ডলার মূল্য নিয়ে দশম স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার।

দীর্ঘ ২২ বছর পর এবার প্রিমিয়ার লিগের শিরোপা জেতা আর্সেনাল আগামী বছর এই তালিকায় আরও ওপরে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে গানার্সরা, যা তাদের ব্র্যান্ড ভ্যালু আরও বাড়িয়ে দেবে।

আশ্চর্যের বিষয় হলো, স্পেনের দুই পরাশক্তি রিয়াল ও বার্সা শীর্ষে থাকলেও লা লিগার মাত্র তিনটি ক্লাব শীর্ষ ৩০-এ জায়গা পেয়েছে, যার মধ্যে অন্যটি হলো ১১ নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদ।

ফোর্বসের তথ্যমতে, শীর্ষ ৩০টি ক্লাবের গড় মূল্য দাঁড়িয়েছে ২৯০ কোটি ডলার, যা গত ২০২৫ সালের রেকর্ড (২৪০ কোটি ডলার) মূল্যের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি। ফুটবল বাণিজ্যের এই তালিকায় ইংল্যান্ডের ১১টি ক্লাবের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ৭টি, ইতালির সিরি আ-র ৪টি এবং জার্মানির বুন্দেসলিগার ৩টি ক্লাব জায়গা করে নিয়েছে। শীর্ষ ৩০-এ থাকা বাকি ইংলিশ ক্লাবগুলোর মধ্যে রয়েছে অ্যাস্টন ভিলা (১৬তম), নিউক্যাসল ইউনাইটেড (১৯তম), এভারটন (২৫তম), ফুলহ্যাম (২৬তম) এবং ব্রাইটন (২৭তম)।

আরও পড়ুন:
বিশ্বকাপে স্পেনের ২৬ সদস্যের স্কোয়াডে কেউ নেই রিয়ালের!