15-year-old Vaibhav Sooryavanshi posing with the IPL 2026 Orange Cap and trophies.পুরস্কার সামনে নিয়ে সূর্যবংশী। ছবি: বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা ফাইনালের রাতটিতে তিনি শিরোপার মঞ্চে ছিলেন না, ট্রফি উঁচিয়ে ধরার উল্লাসও করতে পারেননি। তবুও আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সবচেয়ে বড় নায়ক ও আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন রাজস্থান রয়্যালসের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে পুরো মরসুমজুড়ে অবিশ্বাস্য তাণ্ডব চালানোর পুরস্কার হিসেবে একে একে নিজের ঝুলিতে পুরেছেন অরেঞ্জ ক্যাপ, সর্বোচ্চ ছক্কার পুরস্কার, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) এবং ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজনের ট্রফি। গড়েছেন নতুন ইতিহাসও।

রোববার রাতে আহমেদাবাদে গুজরাট টাইটান্সকে পরাস্ত করে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

তবে ম্যাচ শেষের সমাপনী মঞ্চে আরসিবির চ্যাম্পিয়ন উদযাপনের আলো যেন অনেকটাই কেড়ে নেন বিহারে জন্ম নেওয়া ১৫ বছর ৬৫ দিন বয়সী কিশোর তারকা সূর্যবংশী।

একের পর এক মহাকাব্যিক সব পুরস্কার বগলদাবা করতে টুর্নামেন্টের সমাপনী মঞ্চে বারবার ওপরে উঠতে হয়েছে তাকে।

আরও পড়ুন:
বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে লিওনেল মেসির ছায়া!

রান আর ছক্কার পাহাড়ে রেকর্ডবুক চূর্ণ

রাজস্থান রয়্যালসের হয়ে স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়েছেন বৈভব সূর্যবংশী।

১৬ ইনিংসে ৪৮.৫০ গড় এবং অবিশ্বাস্য ২৩৭.৩০ স্ট্রাইক রেটে সর্বমোট ৭৭৬ রান করেছেন তিনি।

টুর্নামেন্টের ১৯ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ রানসংগ্রাহকের ‘অরেঞ্জ ক্যাপ’ মাথায় জড়িয়েছেন তিনি, যার আর্থিক মূল্য ১০ লাখ রুপি। শুধু রানের পাহাড় গড়াই নয়, প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৭২টি ছক্কার আকাশচুম্বী এক নতুন রেকর্ড গড়ে জিতেছেন ‘মোস্ট সিক্সেস’ পুরস্কার। এই ট্রফির সাথেও তার পকেটে গেছে আরও ১০ লাখ রুপি।

এছাড়া টুর্নামেন্টে অবিশ্বাস্য স্ট্রাইক রেট বজায় রাখার স্বীকৃতি হিসেবে একটি বিলাসবহুল গাড়িও বুঝে নেন এই তরুণ ওপেনার।

একই মৌসুমে জোড়া ইতিহাস

পুরস্কারের এই লম্বা তালিকা এখানেই শেষ হয়নি। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক অলরাউন্ড ইমপ্যাক্ট রেখে মোট ৪৩৬.৫০ পয়েন্টের মালিক হয়ে এবারের আসরের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (MVP) নির্বাচিত হয়েছেন বৈভব।

এই রাজকীয় স্বীকৃতির জন্য তিনি পেয়েছেন ১৫ লাখ রুপি।

পাশাপাশি টুর্নামেন্টের সেরা উদীয়মান তারকা হিসেবে ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ ট্রফির সাথে নিজের অ্যাকাউন্টে যোগ করেছেন আরও ১০ লাখ রুপি। আইপিএলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে একই মৌসুমে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এবং ‘ইমার্জিং প্লেয়ার’—এই দুটি সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার একযোগে জেতার বিরল কীর্তি গড়লেন সূর্যবংশী।

চাপ সামলানো ও আগামীর লক্ষ্য

পুরস্কার হাতে নিয়ে স্বভাবসুলভ লাজুক হাসিতে সূর্যবংশী বলেন, “খুব ভালো লাগছে, তবে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় সাক্ষাৎকার দিতে হচ্ছে বলে মাঠের চেয়েও কিছুটা বেশি চাপ অনুভব করছি! অবশ্যই এটি আমার জীবনের অন্যতম গর্বের একটি মুহূর্ত। আগামী মৌসুমেও এই চেনা ছন্দ ধরে রাখার চেষ্টা করব। আমি সবসময় নিজের শক্তির ওপর ভরসা রাখি। বল যদি মারার মতো স্লটে বা জায়গায় থাকে, তবে পুরো আত্মবিশ্বাস নিয়ে শট খেলি। এভাবেই ডমিনেট করে খেলতে আমি পছন্দ করি।”

মৌসুমের সবচেয়ে বড় শিক্ষার কথা বলতে গিয়ে তিনি যোগ করেন, “চাপের মুখে কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয় এবং ম্যাচভেদে নিজের খেলার ধরন কীভাবে বদলাতে হয়—সেটাই এই টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রতিটা ম্যাচ এক ছন্দে খেলা যায় না, পরিস্থিতি বুঝে উইকেটে টিকতে হয়। আমি চোটমুক্ত থেকে দীর্ঘ সময় খেলার জন্য নিজের ফিটনেসের ওপর এখন আরও বেশি জোর দিচ্ছি।”

জাতীয় দলে অভিষেকের গুঞ্জন

আইপিএলের এক আসরে ১৫ বছর বয়সে ৭৭৬ রান করার পর থেকেই ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন—খুব দ্রুতই কি ভারতের মূল জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে এই বিস্ময়বালকের?

এই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

আরসিবির শিরোপা জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিসিআইয়ের বর্তমান সচিব দেবজিৎ সাইকিয়া চ্যাম্পিয়নদের অভিনন্দন জানানোর পাশাপাশি আলাদাভাবে বৈভব সূর্যবংশীর ভূয়সী প্রশংসা করেন। বৈভবের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের পরিকল্পনা স্পষ্ট করে তিনি বলেন, “বৈভব সূর্যবংশী এক অনন্য এবং অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। ওর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। ক্রিকেটের সর্বোচ্চ স্তরে অর্থাৎ জাতীয় দলে পৌঁছানোর জন্য বৈভবের যা কিছু সুযোগ-সুবিধা ও পরিচর্যা প্রয়োজন, বিসিসিআই তার সবকিছুই করবে।”

স্পষ্টত, এখনই সূর্যবংশীর জাতীয় দলে খেলা হচ্ছে না। এজন্য আরও পথ পাড়ি দিতে হবে তাকে।

আরও পড়ুন:
টি-টোয়েন্টিতে সূর্যবংশীর টার্গেট ডাবল সেঞ্চুরি!