বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামী ৫ জুন। ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার লক্ষ্যে গত সোমবারই দেশটিতে পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিশ্বমঞ্চের এই ঐতিহাসিক লড়াইকে সামনে রেখে বাংলাদেশ শিবিরে যোগ হয়েছে এক বিশাল সঞ্জীবনী শক্তি। ইংল্যান্ডের মাঠ কাঁপানো তারকা ফুটবলার হামজা চৌধুরী অবশেষে সান মারিনোতে জামাল ভূঁইয়াদের সঙ্গে মূল স্কোয়াডে যোগ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে তিনি দলের সঙ্গে যুক্ত হন, যা ফুটবলারদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এর আগে গত সোমবার দেশটিতে পৌঁছানোর দিনই দলের সঙ্গে যোগ দেন প্রবাসী ফুটবলার শামিত সোম। আর এক তরুণ তুর্কি জায়ান আহমেদ ভোররাতে সান মারিনোতে পৌঁছালেও, কোনো ক্লান্তি না দেখিয়ে বিকেলেই নেমে পড়েন দলের প্রথম অনুশীলনে।
আবহাওয়ার খামখেয়ালিপনা ও দীর্ঘ ভ্রমণের ধকল
টানা ২৪ ঘণ্টারও বেশি সময় দীর্ঘ বিমান ও সড়ক ভ্রমণের ধকল সামলে সান মারিনো পৌঁছায় বাংলাদেশ দল। প্রথম দিন ফুটবলারদের শরীর সতেজ করতে কেবল হালকা রিকভারি সেশন করানো হলেও, গতকাল থেকে পুরোদমে ট্যাকটিক্যাল অনুশীলন শুরু করে দিয়েছেন ফুটবলাররা।
তবে সান মারিনোর বৈরী ও পরিবর্তনশীল আবহাওয়া দলটিকে কিছুটা চমকে দিয়েছে।
সেখান থেকে দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, “িআমরা এখানে এসে দু’দিনে দুই রকম আবহাওয়ার মুখোমুখি হয়েছি। প্রথম দিন অনুশীলনের সময় তীব্র ঠান্ডা বাতাস ছিল। অথচ আজ প্রচণ্ড গরম, যা একদম আমাদের বাংলাদেশের আবহাওয়ার মতো। এই ভিন্ন দুই পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফুটবলাররা।”
বাংলাদেশ থেকে সান মারিনোর সময় ৪ ঘণ্টা পিছিয়ে থাকায়, সেখানকার স্থানীয় সময় বিকেল ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) প্রায় দেড় ঘণ্টা ধরে ঘাম ঝরিয়েছেন জামালের দল।
সান মারিনোকে নিয়ে সতর্ক ডুলি
বাংলাদেশ জাতীয় দলের নবনিযুক্ত হাই-প্রোফাইল কোচ থমাস ডুলির জন্যও এটি প্রথম বড় অ্যাসাইনমেন্ট।
দীর্ঘ ভ্রমণক্লান্তি নিয়ে ডুলি বলেন, “ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে ছয় ঘণ্টা আফ্রিকায় ট্রানজিট, এরপর সেখানে দীর্ঘ অপেক্ষা শেষে ইতালির ফ্লাইট ধরতে হয়েছে। ইতালিতে নামার পর আবার কয়েক ঘণ্টার সড়ক পথ পাড়ি দিয়ে আমরা সান মারিনোতে এসে পৌঁছেছি। ভ্রমণটা ভীষণ ক্লান্তিকর ছিল। তবে ইতিবাচক ব্যাপার হলো, ছেলেরা ইউরোপের মাটির এই ম্যাচটি নিয়ে প্রচণ্ড রোমাঞ্চিত। সান মারিনো ফিফা র্যাঙ্কিংয়ে সবার পেছনে থাকতে পারে, কিন্তু তারা নিয়মিত ইতালি, জার্মানি ও স্পেনের মতো বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে খেলে অভ্যস্ত। তাই ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে, তবুও আমরা নিজেদের সেরাটা দিতে শতভাগ প্রস্তুত।”
ইতালির বুকে অবস্থিত এই স্বাধীন ক্ষুদ্র রাষ্ট্রটির পরিবেশ দলের অন্য ফুটবলারদের কাছে নতুন হলেও, প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের কাছে এটি ঘরের মাঠের মতোই। ইতালিতে ঘরোয়া ফুটবল খেলা ফাহমিদুল নিজের চেনা কন্ডিশন নিয়ে বলেন, “সান মারিনোর এই পরিবেশ ও সংস্কৃতি আমার খুব ভালোভাবেই চেনা। আমি অনুশীলনে আমার এই অভিজ্ঞতা দলের বাকি ফুটবলারদের সঙ্গে শেয়ার করছি যাতে তাদের মানিয়ে নিতে সুবিধা হয়। ইউরোপের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করতে আমরা সবাই মুখিয়ে আছি এবং আমাদের লক্ষ্য একটাই—জয় নিয়ে মাঠ ছাড়া।”
বাংলাদেশ সময় আগামী ৫ জুন (শুক্রবার) রাত ১১টায় শুরু হবে দুই দেশের এই ফুটবল লড়াই।
আরও পড়ুন:
২৪ ঘণ্টা পর সান মারিনোতে বাংলাদেশ, যোগ দিচ্ছেন হামজাও

