পারিশ্রমিক বিতর্কে প্রথম বিভাগে অবনমনের কঠিন শাস্তি থেকে বাঁচতে বিসিবি সভাপতি তামিম ইকবালের শরণাপন্ন হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচ বর্জনের কারণে নিয়ম অনুযায়ী রেলিগেশনের মুখে পড়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। এই বিপর্যয় থেকে রক্ষা পেতে গতকাল রাতে বোর্ড প্রধান তামিমের হস্তক্ষেপ ও বিশেষ সাহায্য চেয়েছে তারা।
এর আগে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে লিগের ম্যাচ খেলতে মাঠেই নামেননি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে ওয়াকওভার দেন ম্যাচ রেফারি। ক্রিকেটারদের দাবি, লিগ প্রায় শেষ হয়ে এলেও তাঁরা পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশ টাকা পেয়েছেন। বারবার তাগাদা দিয়েও বকেয়া না পাওয়ায় বাধ্য হয়েই তাঁরা ম্যাচ বর্জনের এই চরম সিদ্ধান্ত নেন।
মধ্যরাতে তামিমের জরুরি বৈঠক
এই নজিরবিহীন ঘটনার পর গতকাল রাতেই খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বৈঠকে উপস্থিত একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সেখানে দুই পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে। ব্রাদার্সের পারিশ্রমিক না দেওয়ার এই সমস্যা অবশ্য নতুন কিছু নয়। প্রায় প্রতি মৌসুমেই পারিশ্রমিক নিয়ে চরম বিতর্কের জন্ম দেয় এই ক্লাবটি।
শনিবার রাতের বৈঠকে ক্লাব কর্তাদের সেই পুরনো নেতিবাচক রেকর্ডের কথা কড়া ভাষায় মনে করিয়ে দেন তামিম। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে খেলোয়াড়দেরও আরেকটু ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি। তবে বর্তমানে পারিশ্রমিক আদায়ের ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের সরাসরি ভূমিকা রাখার সুযোগ খুবই কম।
কারণ, প্রিমিয়ার লিগের বেশির ভাগ ক্রিকেটারের সঙ্গে ক্লাবের কোনো অফিশিয়াল চুক্তিপত্রই নেই।
রেলিগেশনের শঙ্কায় ব্রাদার্স ইউনিয়ন
লিগের অফিশিয়াল নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ বর্জন করলে সংশ্লিষ্ট ক্লাব সরাসরি প্রথম বিভাগে অবনমিত হয়ে যায়।
এই কঠিন শাস্তি থেকে বাঁচতেই মূলত তামিম ইকবালের কাছে অনুনয়-বিনয় করেছে ব্রাদার্স ইউনিয়ন। তারা অনুরোধ করেছে, তাদের যেন এভাবে অবনমিত না করা হয়। বিসিবি সভাপতি তামিম ইকবালও নিয়ম মেনে তাদের একটি আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিতে বলেছেন।
তবে ব্রাদার্সের এই চিঠি কেবল একটি আনুষ্ঠানিকতা হয়ে থাকার সম্ভাবনাই বেশি। কারণ, ক্রিকেট বোর্ড এখন তাদের বাঁচাতে গেলে তা টুর্নামেন্টের নিয়মের বাইরে গিয়ে করতে হবে। এছাড়া ম্যাচ বর্জনের শাস্তি না হলেও পয়েন্ট তালিকার তলানিতে থাকায় এমনিতেও অবনমিত হতো ব্রাদার্স। চলতি লিগে ৯ ম্যাচ খেলে তাদের জয় মাত্র ১টিতে। ব্রাদার্সের বিষয়ে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত আজই জানা যেতে পারে।
এ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্রাদার্সের ম্যানেজার আমিন খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:
ডিপিএলে ব্রাদার্স ক্রিকেটারদের বিদ্রোহ, ম্যাচ বয়কটে ওয়াকওভার

