Iraq football team striker Ayman Hussein in the field.

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই মাঠের বাইরে বড় ধরনের বিতর্ক তৈরি হলো। রাজনৈতিক বৈরিতার রেশ ধরে এবার মার্কিন মুলুকে হেনস্তার শিকার হলেন ইরাক ফুটবল দলের প্রধান তারকা ও স্ট্রাইকার আয়মান হুসাইন। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর শিকাগো বিমানবন্দরে ওহায়ো ইমিগ্রেশন পুলিশ তাঁকে দীর্ঘ সাত ঘণ্টা আটকে রেখে জেরা করে।

দীর্ঘ চার দশক পর ইরাককে বিশ্বকাপের টিকিট এনে দিয়েছেন এই গোলমেশিন।

অথচ যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতেই এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো তাকে। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে ইরাকি গণমাধ্যমগুলো তাদের অনলাইন সংস্করণে শিরোনাম করেছে, ‘যেন তিনি কোনো সন্ত্রাসী’।

নাম বিভ্রাট নাকি মার্কিন প্রশাসনের মারাত্মক ভুল

পরবর্তী সময়ে জানা যায়, পুরো ঘটনাটি ঘটেছে মার্কিন প্রশাসনের একটি মারাত্মক ভুলের কারণে।

আয়মান হুসাইনের নামের সঙ্গে মিল থাকা অন্য এক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। নাম বিভ্রাটের কারণে ইরাকি এই ফরোয়ার্ডকে ভুল করে আটকে ফেলা হয়।

বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা নিজেদের ভুল বুঝতে পারলেও আইনি মারপ্যাঁচে তাঁকে দ্রুত ছাড়তে পারেননি। ফলে দীর্ঘ সাত ঘণ্টার মানসিক ধকল শেষে মুক্তি পান এই ফুটবলার।

বিশ্বকাপের মতো বড় মঞ্চের আগমুহূর্তে দলের সেরা তারকার সঙ্গে এমন আচরণে ইরাক শিবিরে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য ড্র ও পরবর্তী মিশন

মাঠের বাইরের এই বিতর্ককে পাশ কাটিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে মধ্যপ্রাচ্যের এই সিংহরা।

এক বুক আশা আর স্বপ্ন নিয়ে বিশ্বকাপে পা রাখা ইরাক দল অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সে দারুণ কিছুর আভাস দিচ্ছে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে অবিশ্বাস্য এক ড্র ছিনিয়ে নিয়েছে তারা।

স্পেনের মতো পরাশক্তিকে রুখে দেওয়ার পর ইরাকের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে তাদের পরবর্তী লক্ষ্য ভেনিজুয়েলা। যদিও ভেনিজুয়েলা এবারের ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তবে ইরাকি কোচ মনে করছেন নিজেদের শক্তিমত্তা ও কৌশলগত ভুলত্রুটি শুধরে নেওয়ার জন্য এই ম্যাচটি দারুণ এক সুযোগ।

আগামী ৯ জুন প্রীতি ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হবে ইরাক।

৪০ বছর পর ফিরে কঠিন গ্রুপে ইরাক

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। তবে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা সেনেগালের মুখোমুখি হবে।

বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা ভুলে মাঠের পারফরম্যান্স দিয়ে ইরাক বিশ্বকে নতুন কোনো চমক দেখাতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন:
বিশ্বকাপে ভাঙার মুখে যে ১২টি মেগা রেকর্ড