সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের পতাকা ওড়ালেন বাংলাদেশের খুদে অ্যাথলেটরা। প্রতিযোগিতার প্রথম দিনে দলীয় বিভাগে দুটি ব্রোঞ্জ জেতার পর, দ্বিতীয় দিনেই এলো সবচেয়ে বড় সাফল্য। ব্যক্তিগত বিভাগে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ দল আজ দুটি স্বর্ণপদক নিজেদের করে নিয়েছে।
জাতীয় জুনিয়র জিমন্যাস্টিকস দলের প্রতিভাবান খেলোয়াড় উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে ১২.১৫০ পয়েন্ট স্কোর করে দেশের জন্য প্রথম স্বর্ণপদকটি জয় করেন। এই সাফল্যের কিছুক্ষণ পরই ফ্লোর ইভেন্টে ১১.৬০০ পয়েন্ট পেয়ে তিনি একটি ব্রোঞ্জ পদকও নিজের ঝুলিতে পুরেছেন। একই দিনে পোমেল হর্স ইভেন্টে বাজিমাত করেছেন আরেক জুনিয়র জিমন্যান্ট মেনটন টনি ম্রো। তিনি ১৩.১৫০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্বর্ণপদকটি অর্জন করেন।
শনিবার প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল সিনিয়র ও জুনিয়র বিভাগ মিলিয়ে আরও তিনটি করে মোট ছয়টি ইভেন্টের ফাইনালে লড়বে।
সিঙ্গাপুর থেকে এই আনন্দের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল।

