এশিয়ান আর্চারিতে সোনার লড়াইয়ে ভালোভাবেই ছিল বাংলাদেশ। কিন্তু ভারতের কাছে হেরে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

আর্চারির কম্পাউন্ড মিশ্র বিভাগে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

ফাইনালে প্রথম সেটে বাংলাদেশের দুই আর্চার হিমু বাছাড় ও বন্যা ৪০ এর মধ্যে ৩৫ স্কোর করেন। ভারতের মিশ্র জুটি অভিষেক ভার্মা ও দীপ শিখা করেন ৩৯।

পরের দুই সেটে বাংলাদেশ ৩৯ আর ভারত ৩৮ স্কোর করে। কিন্তু চতুর্থ ও শেষ সেটে বাংলাদেশ দুই পয়েন্টের ব্যবধান ঘোচাতে পারেনি। এই সেটটি ৩৮-৩৮ স্কোরে সমতা হয়। ফলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ১৫১, ভারতের ১৫৩। ২ পয়েন্ট বেশি নিয়ে সোনা জেতে ভারত।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ টানা চারদিন হয় জাতীয় স্টেডিয়ামে। তবে সেখানে আজ বাংলাদেশ-নেপাল ফুটবল ম্যাচ থাকায় আর্চারি আর্মি স্টেডিয়ামে স্থানান্তরিত হয়েছে। আগামীকাল এই টুর্নামেন্টের পর্দা নামবে।