Chuadanga traffic police seizing motorcycles from Brazil football fans during a rally.চুয়াডাঙ্গায় পুলিশের অভিযান।

বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আবহে চুয়াডাঙ্গায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের বের করা এক মোটরসাইকেল শোডাউনে আকস্মিক অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। সাইলেন্সারবিহীন মোটরসাইকেল ব্যবহার করে তীব্র শব্দদূষণ সৃষ্টি, উচ্চ আওয়াজে জনদুর্ভোগ তৈরি এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার সুনির্দিষ্ট অভিযোগে চারজন ব্রাজিল সমর্থক চালককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে স্থানীয় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি বিশালাকার মোটরসাইকেল র‍্যালি বের করা হয়েছিল।

সেলেসাওদের সমর্থনে স্লোগান দিয়ে র‍্যালিটি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মাঠের ভেতরেই পুলিশের হানা ও ৪টি মামলা

জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল শোডাউনটি আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামার আগেই টাউন ফুটবল মাঠ এলাকায় একাধিক সাইলেন্সারবিহীন বাইক স্টার্ট দিয়ে তীব্র ও বিকট শব্দ সৃষ্টি করা হচ্ছিল। বিষয়টি চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের নজরে আসবামাত্রই শুরু হয় অভিযান।

পুলিশ কোনো রকম ছাড় না দিয়ে তাৎক্ষণিকভাবে মাঠ প্রাঙ্গণে এক ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময়ে সাইলেন্সারবিহীন এবং একই সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্সবিহীন অবস্থায় থাকা চারটি মোটরসাইকেল হাতেনাতে জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে ট্রাফিক আইনের বিভিন্ন ধারা অমান্য করায় সংশ্লিষ্ট চার চালকের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সাইলেন্সাবিহীন মোটরসাইকেল নিয়ে উচ্চ শব্দের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছিল একদল যুবক। পাশাপাশি চালকদের কারও কাছেই কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। সড়ক ও জননিরাপত্তায় বিঘ্ন ঘটানোর মতো এই অনিয়মগুলোর কারণেই চারটি মোটরবাইক আটক করা হয়। এরপর পৃথক চারটি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”

আইন অমান্য করে এমন হুল্লোড় ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের এই কঠোর অবস্থান চুয়াডাঙ্গার সাধারণ মহলে বেশ প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন:
নেইমারকে ঘিরে ফের অস্থিরতা, এবার চূড়ান্ত সময় বেঁধে দিল ব্রাজিল