দেশের তৃণমূল পর্যায় থেকে মেধাবী ক্রীড়াবিদ তুলে আনতে সরকার দেশব্যাপী শুরু করেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে নেওয়া এই মহতী উদ্যোগের সাক্ষী হলেন খোদ বাংলাদেশের ফুটবল আইকন হামজা চৌধুরী। শুক্রবার (৮ মে) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিশেষ আমন্ত্রণে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে যান তিনি।
একনজর দেখতে উপচে পড়া ভিড়
ব্যক্তিগত সফরে বর্তমানে চার দিনের জন্য ঢাকায় অবস্থান করছেন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো এই তারকা। সফরের ব্যস্ততার ফাঁকেও সময় বের করে তিনি শামিল হন নতুন কুঁড়ির এই আয়োজনে। হামজাকে একনজর দেখতে দুপুরের পর থেকেই কলেজ মাঠে ভিড় জমাতে শুরু করেন উৎসুক সমর্থকরা।
এই সফরে এর আগে গণমাধ্যমের সামনে সরাসরি না আসায় আজকের ইভেন্টে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের; পরিস্থিতি নিয়ন্ত্রণে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও বেশ সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।
আরও পড়ুন:
ঢাকায় এসে যা করলেন হামজা চৌধুরী
হামজার সংক্ষিপ্ত বার্তা
মঞ্চে উপচে পড়া ভিড়ের মধ্যেই হামজা চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের প্রশংসা করেন। সবাইকে সালাম জানিয়ে তিনি বলেন, “আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সুন্দর আয়োজনের অংশ করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি সত্যিই দারুণ কাজ শুরু করেছেন, যা আমাদের আগামী প্রজন্মের তারকাদের অনুপ্রাণিত করবে।”
প্রতিমন্ত্রীর স্বপ্ন: বিশ্বমানের ক্রীড়াবিদ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাঁর বক্তব্যে হামজার উপস্থিতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “ব্যস্ত সূচির মধ্যেও হামজা তরুণদের উদ্বুদ্ধ করতে এসেছেন। আমরা চাই বাংলাদেশে ফুটবল, ক্রিকেট, দাবাসহ আরও অনেক ডিসিপ্লিনে বিশ্বমাপের ক্রীড়াবিদ উঠে আসুক। বাংলাদেশ সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।”
বক্তব্য শেষে হামজা ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন। বেশ কিছুক্ষণ খেলা উপভোগ করে তিনি ভেন্যু ত্যাগ করেন। চার দিনের সফর শেষে আগামীকাল সকালেই হামজা চৌধুরীর ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
নতুন কুঁড়ি স্পোর্টস: প্রতিভা অন্বেষণে সরকারের মেগা প্রজেক্ট

