প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই ম্যানচেস্টার সিটির ওপর চেপে বসল ম্যাচের পাহাড়। স্থগিত থাকা দুটি ম্যাচের নতুন সূচি ঘোষণা করার পর দেখা যাচ্ছে, আগামী মাসে পেপ গার্দিওলার দলকে মাত্র ১১ দিনের মধ্যে চারটি ম্যাচ খেলতে হবে। ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর দলটির জন্য এই ঠাসা সূচিকে ‘অমানবিক’ এবং ‘হতাশাজনক’ বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।
ম্যাচ সমীকরণ ও ঠাসা সূচি
নতুন সূচি অনুযায়ী, আগামী ১৩ মে (বুধবার) ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দেবে সিটি। এর মাত্র তিন দিন পর ১৬ মে (শনিবার) ওয়েম্বলিতে চেলসির বিপক্ষে এফএ কাপের ফাইনালে লড়বে তারা। সেই ধকল কাটিয়ে ওঠার আগেই ১৯ মে (মঙ্গলবার) তাদের পাড়ি দিতে হবে বোর্নমাউথের মাঠে।
অর্থাৎ, মাত্র সাত দিনের ব্যবধানে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে দ্বিতীয় স্থানে থাকা দলটিকে। এর বাইরে ৪ ও ৯ মে রয়েছে এভারটন ও ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ। সব মিলিয়ে মে মাসে সিটির ফুটবলারদের বিশ্রামের কোনো সুযোগই থাকছে না।
আরও পড়ুন:
খাদের কিনারা থেকে ট্রেবলের হাতছানি: গার্দিওলার সিটির অবিশ্বাস্য পুনরুত্থান
কেন সিটির এই ক্ষোভ?
ম্যানচেস্টার সিটির মূল আপত্তির জায়গা হলো ক্রিস্টাল প্যালেস ম্যাচটির সূচি চূড়ান্ত করতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের নেওয়া দীর্ঘ সময়। গত ৪ ফেব্রুয়ারি যখন সিটি কারাবাও কাপের ফাইনালে ওঠা নিশ্চিত করেছিল, তখনই বোঝা গিয়েছিল প্যালেসের বিপক্ষে ম্যাচটি পেছাতে হবে।
সিটি কর্তৃপক্ষের দাবি, প্রায় তিন মাস সময় হাতে থাকলেও লিগ কর্তৃপক্ষ ইচ্ছা করেই সিদ্ধান্ত নিতে দেরি করেছে। সিটি তিনটি বিকল্প তারিখের প্রস্তাব দিলেও লিগ কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি।
এমনকি উয়েফার নিয়ম অনুযায়ী ২০ মে ইউরোপা লিগের ফাইনালের দিন কোনো ঘরোয়া ম্যাচ রাখা যাবে না বলে সিটিকে ১৯ মে ম্যাচ খেলতে বাধ্য করা হচ্ছে।
ঠাসা সূচির কারণে নিজের ক্ষোভ লুকিয়ে রাখেননি ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা। এমন সূচিকে ‘অমানবিক’ ও ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন তিনি।
বৈষম্যের অভিযোগ
সিটি শিবিরের একাংশ মনে করছে, তাদের সূচির ক্ষেত্রে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ পক্ষপাতমূলক আচরণ করছে। উদাহরণ হিসেবে তারা লিগ লিডার আর্সেনালের কথা বলছে। আর্সেনালকে ১৮ ফেব্রুয়ারি ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়েছিল যখন চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ চলছিল।
অথচ সিটির ক্ষেত্রে উয়েফার দোহাই দিয়ে বোর্নমাউথ ম্যাচটি এমন সময়ে ফেলা হয়েছে, যেখানে খেলোয়াড়দের রিকভারির সময় একেবারেই নেই।
আরও পড়ুন:
কেন অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি? ২০ বছর আগেই উত্তর দিয়েছিলেন গার্দিওলা!
শিরোপা লড়াইয়ে প্রভাব
বর্তমানে লিগের শীর্ষস্থানে থাকা আর্সেনালও ব্যস্ত সূচির মধ্য দিয়ে যাচ্ছে। মিকেল আর্তেতার দলকে সাত দিনে তিনটি ম্যাচ খেলতে হবে, যার মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুটি লেগ রয়েছে।
তবে সিটির জন্য চ্যালেঞ্জটা বেশি কারণ তাদের এফএ কাপ ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচের মাঝেই লিগের গুরুত্বপূর্ণ লড়াইগুলো সারতে হবে। ঘরোয়া ট্রেবল জয়ের পথে এই সূচিই এখন গার্দিওলার বড় মাথাব্যথার কারণ।

