ঈশান কিষান যখন অভিষেক হতে যাওয়া প্রফুল হিঞ্জের হাতে নতুন বল তুলে দিলেন, তখন গ্যালারির কেউ ভাবতেও পারেনি পরের কয়েক মিনিটে কী ঘটতে যাচ্ছে। IPL 2026-এর মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদের এই ২৪ বছর বয়সী পেসার যা করলেন, তা এর আগে দীর্ঘ ১৮ বছরের টুর্নামেন্টের ইতিহাসে কেউ করতে পারেনি। ইনিংসের প্রথম ওভারেই রাজস্থান রয়্যালসের টপ অর্ডারের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠিয়ে এক অবিশ্বাস্য রেকর্ডের জন্ম দিয়েছেন মাত্র ৩০ লাখ পাওয়া হিঞ্জ।
এক ওভারে ৩ উইকেট: আইপিএলে প্রথম!
ইনিংসের প্রথম ওভারেই Praful Hinge একে একে সাজঘরের পথ দেখান বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল এবং লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে। বিস্ময়কর তথ্য হলো, এই তিনজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। আইপিএল ইতিহাসে এর আগে ৩২ বার কোনো বোলার প্রথম ওভারে ২ উইকেট নেওয়ার কীর্তি গড়লেও, ৩ উইকেট নেওয়ার নজির এবারই প্রথম।
হায়দরাবাদের হয়ে এর আগে ২০২৪ সালে এই ভেন্যুতেই রাজস্থানের বিপক্ষে ভুবনেশ্বর কুমার ২ উইকেট নিয়েছিলেন, যাকে আজ ছাড়িয়ে গেলেন হিঞ্জ।
পাওয়ারপ্লেতে হিঞ্জের দাপট
শুধু প্রথম ওভারেই নয়, পাওয়ারপ্লের ভেতরেই ৪ উইকেট তুলে নিয়ে নিজেকে এক এলিট তালিকায় অন্তর্ভুক্ত করেছেন এই ডানহাতি পেসার। ৪/১৮ ফিগার নিয়ে তিনি এখন ইশান্ত শর্মা (৫/১২), শোয়েব আখতার, অজিত চান্ডিলা এবং মোহাম্মদ শামিদের মতো বোলারদের পাশে নাম লিখিয়েছেন, যারা পাওয়ারপ্লেতে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুন: আইপিএল: সূর্যবংশী-বুমরাহ দ্বৈরথে লারার ব্যাক-লিফট আর ব্র্যাডম্যানের ক্ষিপ্রতা!
আইপিএল ২০২৬-এর নিলামে মাত্র ৩০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল হায়দরাবাদ, যা এখন তাদের জন্য সোনার খনি হিসেবে প্রমাণিত হচ্ছে।
কে এই প্রফুল হিঞ্জ?
বিদর্ভ থেকে উঠে আসা এই তরুণ পেসার মূলত ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে নিজের পরিচিতি গড়েছিলেন। ২০২৪ সালের অক্টোবরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর রঞ্জি ট্রফিতে ১১ ইনিংসে ১৬ উইকেট শিকার করেন তিনি।
এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৬.৭ গড়ে ২৭ উইকেট নিয়েছেন হিঞ্জে। তবে টি-টোয়েন্টিতে তিনি ছিলেন অনেকটাই অনভিজ্ঞ। আইপিএল অভিষেকের আগে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মাত্র ১টি ম্যাচ খেলেছিলেন তিনি, যেখানে উমেশ যাদবের সঙ্গে বোলিং ওপেন করে ২৩ রানে ১ উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: আইপিএল ‘ঈর্ষা’! কেভিন পিটারসনের ক্যারিয়ার ধ্বংসের নেপথ্য কাহিনী
Sunrisers Hyderabad এই অনভিজ্ঞ তরুণের ওপর ভরসা রেখে প্যাট কামিন্স, হার্শাল প্যাটেলদের বোলিং ইউনিটে তাকে সুযোগ দিয়েছিল। প্রফুল হিঞ্জে কেবল সেই আস্থার প্রতিদানই দেননি, বরং বিশ্ব ক্রিকেটে নিজের আগমনের বার্তাটা দিলেন রাজকীয়ভাবে।

