সুরমা নদীর পাড়ঘেঁষা সিলেটের উপশহরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে থাকা মাঠটি কেবল একটি ক্রীড়া কমপ্লেক্স নয়, যেন হয়ে উঠলো এটি স্মৃতির ভাণ্ডার। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। বদলেছে নামও। আবুল মাল আবুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স এখন পরিচিত সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স নামে। কিন্তু নামের পরিবর্তনে মাঠের প্রাণ হারায়নি। বরং আবারও সেখানে ফিরে এসেছে ফুটবলের চেনা উল্লাস, দর্শকের হাততালি আর পুরোনো দিনের গল্প।
এই ফিরে আসার উপলক্ষ ‘মুজাহিদ আলী মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫’। সিলেট জেলা সোনালি অতীতের আয়োজনে সাবেক ফুটবলারদের অংশগ্রহণে কমপ্লেক্স যেন কয়েক দিনের জন্য ফিরে গেল অতীতে। মাঠে নামছেন সেই মুখগুলো, যাঁদের পায়ে একসময় ভর করেই গ্যালারি কেঁপে উঠত।
ছয় দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে সিলেট বিভাগের পাঁচটি দলের পাশাপাশি ঢাকার লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব অংশ নিয়েছে। তবে এই টুর্নামেন্টের আসল আকর্ষণ দল নয়, খেলোয়াড়েরা। ঢাকার গোলপোস্টে দাঁড়িয়ে থাকা বিপ্লব ভট্টাচার্য কিংবা সিলেট জেলা সোনালী অতীতের অধিনায়ক শাহাজ উদ্দিন টিপু; দুজনই জাতীয় দলের পরিচিত মুখ। টিপু বাংলাদেশের একমাত্র সাফ স্বর্ণজয়ী দলের সদস্য, আর বিপ্লব ভট্টাচার্য জাতীয় দলের এক সময়ের নির্ভরতার প্রতীক।
উদ্বোধনী দিনেই মাঠে দেখা মিলল সেই পুরোনো ঝাঁজ। লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব আক্রমণাত্মক ফুটবলে ৫-২ গোলে হারায় সিলেট মেট্রো দলকে। বয়স এখানে কেবল কাগজের হিসাব! খেলার গতি, পাসের নিখুঁততা কিংবা গোলের উদ্যাপন কিছুই বয়সের ভারে নুয়ে পড়েনি।
দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট মহানগর ও মৌলভীবাজার জেলা সোনালী অতীতের লড়াই ছিল ধৈর্যের। নির্ধারিত সময় গোলশূন্য থাকলেও প্রতিটি আক্রমণে ছিল চাপা উত্তেজনা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় মৌলভীবাজার জেলা সোনালী অতীত।
দিনের শেষ ম্যাচে মাঠে নামে স্বাগতিকদের সবচেয়ে অভিজ্ঞ দল সিলেট জেলা সোনালী অতীত। শাহাজ উদ্দিন টিপুর নেতৃত্বে সংগঠিত ফুটবলে তারা ২-০ গোলে পরাজিত করে সিলেট সদর ফুটবল একাদশকে। জয় নয়, বরং মাঠজুড়ে তাঁদের নিয়ন্ত্রিত উপস্থিতিই দর্শকের চোখে ধরা পড়ে বেশি।
টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক আলহাজ্ব মুজাহিদ আলীর কন্যা জুলিয়ান আলী। সভাপতিত্ব করেন সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান। আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক রাজা চৌধুরী। তাঁদের কণ্ঠে ছিল একটি প্রত্যাশা, এই মাঠে যেন এমন আয়োজন নিয়মিত হয়।
শুক্রবার সকাল ১০টায় একমাত্র সেমিফাইনালে মুখোমুখি হবে লালবাগ ফ্রেন্ডস ভেটারেন্স ক্লাব ও মৌলভীবাজার জেলা সোনালী অতীত। বিজয়ী দল দুপুর ২টায় ফাইনালে চ্যালেঞ্জ জানাবে সিলেট জেলা সোনালী অতীতকে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি সারওয়ার আলম।

