Sust Sports Cricfoot24

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, খেলাধুলার মাধ্যমে অর্জিত ভ্রাতৃত্ববোধ আমাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক জীবনে কাজে লাগাতে হবে। খেলাধুলা মনকে সতেজ রাখে এবং শরীরকে সুগঠিত করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের খেলাধুলাসহ সব ধরনের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ দিয়ে আসছে।

তিনি আরও বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। পরাজিত হলে খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে তা মেনে নিতে হবে এবং কোনোভাবেই মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রীড়া উপকমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সৌউদ বিন আম্বিয়াসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী খেলায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগ ও ওশানোগ্রাফি বিভাগ একে অপরের মুখোমুখি হয়।