বিসিবি সভাপতি তামিম ইকবালের সভাপতিত্বে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সভা।ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালের সভা। ছবি: বিসিবি

দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (DPL) নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের অচলায়তন অবশেষে ভেঙেছে। বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় আজ সন্ধ্যায় ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেন তামিম ইকবাল। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১২টি ক্লাব নিয়েই আগামী মে মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে যেসব ক্লাব লিগ বয়কট করেছিল, তামিমের আশ্বাসে তারা এখন খেলতে রাজি হয়েছে।

মে মাসের শুরুতেই প্রিমিয়ার লিগ

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ (BCL) শুরু হবে। মে মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে চার দিনের এই টুর্নামেন্টটি ক্রিকেটারদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিএলের প্রথম দুই রাউন্ড শেষ হওয়ার পর বিরতি দিয়ে মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। লিগের দলবদলের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২১ ও ২২ এপ্রিল।

বাড়ছে অনুদান, থাকছে না বিদেশি ক্রিকেটার

আজকের সভায় লিগের ক্লাবগুলোর জন্য বিসিবির পক্ষ থেকে দেওয়া বার্ষিক অনুদান এক লাফে ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। তবে ক্লাবগুলোর পক্ষ থেকে দাবি উঠলেও এবারের আসরে কোনো বিদেশি ক্রিকেটার থাকছে না। সিদ্ধান্তের পক্ষে যুক্তিও দেখিয়েছে ক্রিকেট বোর্ড।

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে স্থানীয় ক্রিকেটাররা যাতে বেশি করে ম্যাচ খেলার এবং নিজেদের প্রমাণের সুযোগ পান, সেই চিন্তা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে BCB।

আরও পড়ুন: বিসিবিতে শুরুতেই তামিম ইকবালের ‘বোল্ড স্টেপ’

পরিবর্তন আসছে লিগের কাঠামোয়

সময়ের স্বল্পতার কারণে এবারের প্রিমিয়ার লিগের পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রথাগত সুপার লিগ পদ্ধতি থাকছে না এবার; বরং সিঙ্গেল লিগ পদ্ধতিতেই খেলা হবে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই সরাসরি চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে।

এছাড়া ক্লাবগুলোর দীর্ঘদিনের দাবির মুখে বিসিবি এখন থেকে ম্যাচের দিন ক্রিকেটারদের দুপুরের খাবারের ব্যবস্থা করবে, যা আগে ক্লাবগুলোকে নিজেদের উদ্যোগে করতে হতো। পাশাপাশি মাঠে মেডিকেল সাপোর্ট ও আইসিইউ অ্যাম্বুলেন্স রাখার বিষয়েও ক্লাবগুলোকে আশ্বস্ত করা হয়েছে।

আরও পড়ুন: তামিমের অঙ্গীকার, তামিমের প্রতিশ্রুতি

প্রথম ও দ্বিতীয় বিভাগ নিয়েও নতুন ভাবনা

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শুধু প্রিমিয়ার লিগই নয়, বরং স্থবির হয়ে থাকা প্রথম এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ নিয়েও দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আগামী শনিবার এই দুই স্তরের ক্লাবগুলোকে আলোচনার জন্য ডেকেছে বিসিবি।

আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডে বয়কট কর্মসূচির কারণে অর্ধেকের বেশি ক্লাব লিগে অংশ নেয়নি। এখন সব ক্লাবের অংশগ্রহণে নতুন করে এই দুই লিগ শুরু করার প্রস্তাব দেওয়া হতে পারে।