আর্জেন্টাইন তারকা মেসি ও পর্তুগিজ যুবরাজ রোনালদো।মেসি ও রোনালদো। ছবি: গেটি

গোল নম্বর ৯০১! ইন্টার মায়ামির হয়ে নিউইয়র্ক সিটির বিপক্ষে ৩-২ গোলের জয়ের রাতে লিওনেল মেসি যখন ফ্রি-কিক থেকে জাল খুঁজে নিলেন, তখন ফুটবল বিশ্বের পরিসংখ্যানবিদরা আবারও নড়েচড়ে বসেছেন। মায়ামির জয়ে মেসির সরাসরি ফ্রি-কিক গোলসংখ্যা এখন ৭১। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক ফুটবলের দুই মহাতারকা মেসি ও রোনালদো কি ফ্রি-কিক গোলের সিংহাসনে বসতে পেরেছেন? নাকি ইতিহাসের আড়ালে থাকা কোনো ব্রাজিলিয়ান এখনো ধরাছোঁয়ার বাইরে?

আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া সাময়িকী ‘এল গ্রাফিকো’ দীর্ঘ গবেষণার পর ফ্রি-কিক গোলদাতার একটি ‘আসল তালিকা’ প্রকাশ করেছে, যা ইন্টারনেটে প্রচলিত অনেক তথ্যকেই ভুল প্রমাণ করেছে।

গুগলের ভুল তথ্য ও ‘এল গ্রাফিকো’র গবেষণা

অনেকেই মনে করেন ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোল ব্রাজিলের জিকোর (১০১টি) কিংবা জুনিনহোর (৭৭টি)। কিন্তু ‘খেলাধুলার বাইবেল’ খ্যাত এল গ্রাফিকো দাবি করছে, অধিকাংশ সংবাদমাধ্যম একে অপরের তথ্য নকল করে ভুল সংখ্যা প্রচার করে। জিকো নিজেই স্বীকার করেছেন তাঁর গোল ৮১টি, তবে অফিশিয়াল ম্যাচে সংখ্যাটি আসলে ৬৮।

অন্যদিকে, জুনিনহোর গোলসংখ্যা ৭৭ বলা হলেও প্রকৃতপক্ষে তা ৭২। এমনকি ফুটবলের রাজা পেলের ৭০টি ফ্রি-কিক গোলের দাবিও নাকচ করে দেওয়া হয়েছে; বাস্তবে তাঁর গোলসংখ্যা ৪৪।

শীর্ষে কে এই মার্সেলিনহো ক্যারিওকা?

গবেষক হেক্টর ডেভিড সানচেজ ও একদল ঐতিহাসিকের তৈরি করা তালিকায় সবার উপরে আছেন ব্রাজিলের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার মার্সেলিনহো ক্যারিওকা। ক্যারিয়ারে বিভিন্ন দেশের লিগে খেলে সরাসরি ফ্রি-কিক থেকে তিনি মোট ৭৮টি গোল করেছেন।

ব্রাজিলের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার মার্সেলিনহো ক্যারিওকা।
ব্রাজিলের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার মার্সেলিনহো ক্যারিওকা। ছবি: গেটি

মার্সেলিনহো ক্যারিওকা রাইট উইংয়ে খেলতেন। নব্বইয়ের দশকে তিনি ব্রাজিলের বিখ্যাত ফ্ল্যামেঙ্গাতে খেলেন। এরপর স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াতে কিছুদিন খেলেছেন। পরে ব্রাজিলের সান্তোস হয়ে জাপানের গাম্বা ওসাকা ক্লাবে। সেখান থেকে ২০০৩-০৪ মৌসুমে খেলেন সৌদি আরবের আল নাসরে। বিভিন্ন ক্লাব পেরিয়ে ব্রাজিলে ফিরে ২০০৯ সালে শেষ হয় তার ক্যারিয়ার।

মার্সেলিনহো ক্যারিওকা ৮৭৮ ম্যাচের ক্যারিয়ারে ৩০৭টি গোল করেছেন।

তালিকার দ্বিতীয় স্থানেও আছেন দুই ব্রাজিলিয়ান—রবার্তো দিনামিতে ও জাইর রোসা পিন্টো (৭৪টি)। তৃতীয় স্থানে ৭২ গোল নিয়ে আছেন জুনিনহো পারনামবুকানো।

মেসি-রোনালদোর অবস্থান কোথায়?

বর্তমান ফুটবলারদের মধ্যে ফ্রি-কিকে মেসির গোলই সর্বোচ্চ। ৭১টি গোল নিয়ে তিনি এখন তালিকার চতুর্থ স্থানে। এর মাধ্যমে তিনি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে (৬১ গোল) অনেক আগেই ছাড়িয়ে গেছেন। অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদো এই তালিকার শীর্ষ দশের মধ্যেও নেই। ৬৩ গোল নিয়ে সিআরসেভেনের অবস্থান ১১তম।

ফুটবল ইতিহাসের শীর্ষ ৫ ফ্রি-কিক গোলদাতা (অফিশিয়াল ম্যাচ):

অবস্থানফুটবলারের নামদেশগোলসংখ্যা
মার্সেলিনহো ক্যারিওকাব্রাজিল৭৮
রবার্তো দিনামিতে ও জাইর রোসাব্রাজিল৭৪
জুনিনহো পারনামবুকানোব্রাজিল৭২
লিওনেল মেসিআর্জেন্টিনা৭১
ভিক্টর লেগ্রোতাগ্লিআর্জেন্টিনা৬৬*

*বি.দ্র: লেগ্রোতাগ্লির ৬৬ গোলের দালিলিক প্রমাণ নিয়ে এখনো বিতর্ক রয়েছে।

ম্যারাডোনার দুর্ভাগ্য ও মেসির সুযোগ

ম্যারাডোনার ক্যারিয়ার বিশ্লেষক ডিয়েগো দাল সান্তো জানিয়েছেন, ম্যারাডোনার অন্তত ২২টি ফ্রি-কিক সাইডপোস্টে এবং ৩৫টি শট ক্রসবারে লেগে ফিরেছে। না হলে তাঁর গোল সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারত।

তবে মেসির সামনে সুযোগ রয়েছে ক্যারিওকাকে ছাড়িয়ে যাওয়ার। আর মাত্র ৮টি গোল করলেই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফ্রি-কিক স্পেশালিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই আর্জেন্টাইন জাদুকর।