আগামী বছরের জুনে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সবমিলিয়ে বিশ্বকাপে ম্যাচ আছে ১০৪টি। তন্মধ্যে ৭৮টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেডিয়ামে। ফলে লাখ লাখ ফুটবলপ্রেমী হাজির হবেন বিশ্বের প্রভাবশালী দেশটিতে।
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় আবেদনকারীদের। সাক্ষাৎকারের সময় পড়ে কয়েক মাস বা বছর পরে।
তবে যারা বিশ্বকাপ দেখতে চান, তাদের হাতে যদি ম্যাচ টিকিট থাকে, তবে ভিসা সাক্ষাৎকারে মিলবে বিশেষ সুবিধা।
এমনটা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ২০২৬ বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা অ্যাপয়েন্টমেন্টে অগ্রাধিকার দেবে তাঁর দেশের দূতাবাস।
হোয়াইট হাউসে মি. ট্রাম্প বলেন, ‘দীর্ঘ অপেক্ষায় থাকা বিশ্বকাপের টিকিটধারীদের ফিফার মাধ্যমে প্রাধান্যভিত্তিক সাক্ষাৎকারের জন্য আবেদন করার সুযোগ দেবে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রসচিব মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপে টিকিটধারীরা স্বয়ংক্রিয়ভাবে পর্যটক ভিসা পাবেন না। যেসব বিদেশি নাগরিকের কাছে বিশ্বকাপ ফুটবল ম্যাচের টিকিট আছে, তাঁরা আবেদন করার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে কোনো দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সুযোগ পেতে পারেন।
রুবিও বলেন, ‘আপনার টিকিট ভিসা নয়, এটি যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। আমরা অন্য সবার মতোই তাদের যাচাই-বাছাই করবো। একমাত্র পার্থক্য হলো আমরা (সাক্ষাৎকার) সারিতে তাদের কিছুটা এগিয়ে দিচ্ছি।’
এদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ২০২৬ বিশ্বকাপের ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি দর্শক আসতে পারেন। ফিফা পাসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো যে যারা টিকিট কিনেছেন, তারা ভিসা পাওয়ার মধ্য দিয়ে সবচেয়ে ভালো পরিস্থিতিতে বিশ্বকাপে উপস্থিত হতে পারবেন।

