সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সিলেট লিগের শিরোপা জিতেছে জিমখানা ক্লাব। রবিবার (৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিগের শেষ ও কার্যত ফাইনাল ম্যাচে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রকে ২৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
জিমখানা ক্লাবের জয়ের ভিত্তি গড়ে দেন তৌফিক খান তুষার ও মুশফিকুর রহিম। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৩৭ রান সংগ্রহ করে জিমখানা।
দলটির হয়ে তৌফিক খান তুষার খেলেন ৯৭ বলে ২০৭ রানের বিধ্বংসী ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ২১টি ছক্কা। মাত্র ৪৫ বলে শতক পূর্ণ করেন তিনি। দ্বিতীয় উইকেটে আশরাফুল হক রিহাদের সঙ্গে ২১২ রানের জুটি গড়ে জিমখানার বড় সংগ্রহের ভিত গড়ে দেন তুষার। রিহাদ করেন ৫৪ রান।
৩৪তম ওভারে তুষার আউট হওয়ার পর দায়িত্ব নেন মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের এই ব্যাটার ৬৭ বলে অপরাজিত ১০৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। শেষ পর্যন্ত তাঁর দৃঢ় ব্যাটিংয়েই ৪০০ পেরোয় জিমখানার ইনিংস।
৪৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র শুরু থেকেই চাপে পড়ে। অলক কাপালি ও ইমতিয়াজ হোসাইন তান্নাদের মতো অভিজ্ঞ ব্যাটার থাকলেও বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। মাত্র ২৭ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় দলটি।
২৬১ রানের বিশাল জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে জিমখানা ক্লাব।
এই ম্যাচের মাধ্যমে সিলেট লিগে দীর্ঘদিন পর আবার বড় তারকা ক্রিকেটারদের পারফরম্যান্স দেখা গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

