হামজা চৌধুরীর সঙ্গে মোরসালিন।হামজা চৌধুরীর সঙ্গে জাতীয় দলের আরেক প্রতিভা মোরসালিন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে হ্যাভিয়ের ক্যাবরেরার অধ্যায় শেষ। এখন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের জন্য নতুন অভিভাবক খোঁজার কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে বাফুফে। ২৭০ জন আবেদনকারীর বিশাল তালিকা থেকে কয়েক দফা বাছাই শেষে এখন ৩০ জন প্রার্থীকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।

বাছাই প্রক্রিয়া ও সংক্ষিপ্ত তালিকা

বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটনের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি এই ৩০ জনের তালিকা প্রস্তুত করেছে।

হিলটন জানান, “রোববার আরেকটি সভার মাধ্যমে আমরা তালিকাটি ২০ জনে নামিয়ে আনব। এরপর জাতীয় দল কমিটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত কোচ নির্বাচন করবে।”

উল্লেখ্য, এবারের নিয়োগ প্রক্রিয়ায় উয়েফা প্রো লাইসেন্স এবং এশীয় ফুটবলে অভিজ্ঞতার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: হামজাদের কোচ নিয়োগে ১০০ জন বাদ, তালিকাতেই নেই কাবরেরা

জার্মান কোচেদের আধিপত্য

সংক্ষিপ্ত তালিকায় থাকা ৩০ জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন জার্মানির কোচেরা। এছাড়া ব্রাজিল, স্পেন এবং আর্জেন্টিনার বেশ কয়েকজন হাই-প্রোফাইল কোচের নামও রয়েছে।

তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, একমাত্র বাংলাদেশি হিসেবে এই দৌড়ে এখনো টিকে আছেন সাবেক জাতীয় ফুটবলার ও এএফসি প্রো লাইসেন্সধারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। বিশেষ কমিটি একমাত্র দেশি আবেদনকারী হিসেবে তাঁকে বিশেষ সম্মান দিয়ে তালিকায় রেখেছে।

তবে চূড়ান্ত খবর হচ্ছে, সংক্ষিপ্ত তালিকায় বা কোচ হিসেবে মিন্টুকে রাখবে না বাফুফে। এছাড়া সব কোচের নাম এখনই প্রকাশ করছে না বাফুফে। তালিকা ছোট হয়ে এলে প্রকাশ করা হতে পারে

চুড়ান্ত সিদ্ধান্ত ও আসন্ন ম্যাচ

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে এএফসি ও ফিফার কংগ্রেসে যোগ দিতে কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি ৩ মে দেশে ফেরার পরই কোচ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

আগামী ৫ জুন সান মারিনোতে বাংলাদেশের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। ক্যাবরেরা নতুন করে আবেদন না করায় ওই ম্যাচে নতুন কোচকেই ডাগআউটে দেখা যাবে—এটি এখন নিশ্চিত।

আরও পড়ুন: হামজা-সুলিভানদের উত্তরসূরি খুঁজতে বাফুফের ‘গ্লোবাল’ মিশন!

মালদ্বীপ সফর ও অনূর্ধ্ব-২৩ দল

জুন মাসে মালদ্বীপে অনুষ্ঠিতব্য চার জাতির টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। তবে এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে সেখানে জাতীয় দলের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ বা অলিম্পিক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।