যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবে ২০২৮ অলিম্পিক আসর। এ আসর দিয়েই অলিম্পিকে ফিরছে ক্রিকেট। কিন্তু ক্রিকেট ফিরলেও বাংলাদেশের খেলার আনন্দ থাকছে না! শুধু বাংলাদেশই নয়, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলোও পাচ্ছে না সুযোগ।
এর পেছনে আছে একটি নিয়ম।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, অলিম্পিকে পুরুষ ও নারী বিভাগে ছয়টি করে মোট ১২টি দল অংশ নেবে। কিন্তু এবারের আসরে দল বাছাই আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ভিত্তিতে হবে না, বরঞ্চ প্রতিটি অঞ্চল বা মহাদেশ থেকে শীর্ষ দলগুলো খেলার সুযোগ পাবে। আর ষষ্ঠ দল আসবে গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে।
এই নিয়ম কার্যকর হলে এশিয়া মহাদেশ থেকে ভারতের খেলা নিশ্চিত হয়ে যায়। কারণ, টি-টোয়েন্টিতে এশিয়ায় তারাই এখন শীর্ষে। ফলত বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সবাই বাদ পড়বে।
যদি ষষ্ঠ দলের জন্য গ্লোবার কোয়ালিফায়ার আয়োজন করা হয়, তবে সেখানে এই দলগুলোকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। গ্লোবাল কোয়ালিফায়ার নিয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।
আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘বোর্ড আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও লস অ্যাঞ্জেলেস ২০২৮ গেমসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। লস অ্যাঞ্জেলেসে পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে দল অংশ নেবে, যেখানে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।’
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ২০২৮ সালের ১২ জুলাই।

