বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিলেট বিভাগীয় পরিচালক রাহাত শামস্ বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড সারাদেশে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চায়। ক্রিকেট ব্যবস্থাপনাকে দেশব্যাপী বিকেন্দ্রীকরণ করা। আমরা সহজ কথায় যদি বলি, আমাদের গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে বাংলাদেশ টিম-এভাবে আমরা একদম রুট লেভেলে যদি প্লেয়ারদের তৈরি করার বিষয়টা দেখি, সেটা হচ্ছে আমাদের গ্রাম, ইউনিয়ন এবং উপজেলা। এটা একটা ন্যাচারাল সিস্টেম। যে সিস্টেমের মাধ্যমে আমাদের প্লেয়াররা নীচে থেকে ক্রমেই উপরের দিকে যাবে।’
গত ২৩ অক্টোবর সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র আয়োজনে ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ‘বিশ্বনাথ উপজেলার ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে’ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ পৌরসভার ইলামেরগাঁও গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
রাহাত শামস্ আরও বলেন, ‘আমরা আজকে এখানে এসে ক্রিকেটের প্র্যাকটিস মাঠ তৈরির লক্ষ্যে দুটি জায়গা পরিদর্শন করেছি। আমাদের আজকের এই যে পথচলা, চার-পাঁচ বছর পর এই প্রচেষ্টার ফলে আমরা হয়তো দেখতে পাবো এখান থেকে একজন রাজিন সালেহ, একজন অলক কাপালী, একজন তাপস বৈশ্য কিংবা একজন এনামুল হক জুনিয়র উঠে এসেছে।’
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র ট্রেজারার ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু মনসুরের সভাপতিত্বে এবং উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ টিপুর সঞ্চালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, জেলা ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ও প্রথম শ্রেণির ক্রিকেটার ইমতিয়াজ হোসেন চৌধুরী তান্না, শেখঘাট পাইওনার্স ক্লাব ও পাইওনার্স গ্রীণ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জসলু, জেলা ক্রিকেট দলের প্রধান কোচ রানা মিয়া, সাবেক ক্রিকেটার শামীম আহমদ শেহনাজ প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা ক্রিকেট দলের সদস্য জাবের আহমদ।

