কাতার বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে যেন পূর্ণতা আনেন লিওনেল মেসি। বয়স হয়ে গেলেও তিনি খেলে চলেছেন এখনও।
২০২৬ বিশ্বকাপেও তাকে আর্জেন্টিনা দলে দেখা যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটি বিশ্বকাপ কি আর্জেন্টিনা পারবে নিজেদের করে নিতে?
মেসি বলছেণ, বিশ্বকাপ জয় অনেক কঠিন। ছোট ছোট কারণে যে কোনো দল টুর্নামেন্ট থেকে বাদ যেতে পারে।
ESPN -এর সঙ্গে এক সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। সেখানে বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেন তিনি।
আর্জেন্টিনার আবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে আলবিসেলেস্তে অধিনায়ক বলেন, “হ্যাঁ, জাতীয় দল আবারও চেষ্টা করবে, সবটুকু দেবে, লড়বে। কিন্তু ছোট ছোট কিছু কারণে আপনি বাদ পড়ে যেতে পারেন। বিশ্বকাপ খুব কঠিন একটা প্রতিযোগিতা। যে কোনো দল আপনাকে বিপদে ফেলতে পারে। পোস্টে লাগে, ঢুকে যায়—আপনার টুর্নামেন্ট শেষ। পেনাল্টিতে হারলেও শেষ….।”
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচের উদাহরণ টানেন বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা মেসি। ওই দুই ম্যাচ পেনাল্টিতে গিয়ে জিততে হয়েছে আর্জেন্টিনাকে।
মেসি বলেন, “ওই দুই ম্যাচে আমরা ছিলাম অনেক ভালো, কিন্তু ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় পেনাল্টিতে। এরপর তো আমাদের ছিল দিবু (এমিলিয়ানো মার্টিনেজ)। যে আমাদের জিতিয়েছে। কিন্তু পেনাল্টিতে গেলে জেতার নিশ্চয়তা থাকে না। বিশ্বকাপ জেতা সত্যিই খুব কঠিন।”
ইন্টার মায়ামির হয়ে শনিবার এমএলএস কাপের ফাইনাল খেলতে নামবেন LM10। প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার।
স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় খেলেছেন মেসি। তার কাছে সেরা কোচ কে?
মেসি বলেন, “আমার কাছে পেপ গার্দিওলা অনন্য। অসাধারণ অনেক কোচ আছেন, কিন্তু তার মধ্যে আলাদা কিছু আছে। খেলার দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ—সব মিলিয়ে তিনি সবচেয়ে পরিপূর্ণ। তিনি যেখানে গেছেন, জিতেছেন। আর শুধু জেতা নয়, তার দলগুলো যেভাবে খেলে—সেটাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করে।”
আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।

