Lamine Yamal playing a match for Spain.স্পেনের বড় ভরসার নাম লামিনে ইয়ামাল। ছবি: ফিফা

দরজায় কড়া নাড়ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপ ২০২৬। বিশ্বমঞ্চের এই মহোৎসবকে সামনে রেখে তরুণ তুর্কিদের নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিক আয়োজন— ‘বিশ্বকাপের বিস্ময়’। আজ এই সিরিজ ফিচারের দ্বিতীয় পর্বে থাকছেন স্প্যানিশ ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ, রেকর্ডের বরপুত্র লামিনে ইয়ামাল। যিনি স্রেফ এক প্রতিভাবান কিশোর নন, বরং এবার মেক্সিকো, কানাডা ও আমেরিকার যৌথ আসরে স্পেনের শিরোপা পুনরুদ্ধারের মূল স্বপ্নসারথি।

ফুটবল বিশ্বে এমন কিছু প্রতিভা আসে, যারা বয়সের ব্যাকরণ মানে না।

মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে যখন এফসি বার্সেলোনার মূল দলে তার অভিষেক হয়েছিল, তখনই বোঝা গিয়েছিল বিশ্ব ফুটবল এক নতুন জাদুকরকে পেতে যাচ্ছে। লা মাসিয়া থেকে উঠে আসা সেই বিস্ময়বালক লামিনে ইয়ামাল আজ আর কোনো ভবিষ্যতের সম্ভাবনা নন, তিনি বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ধ্রুবতারা। ২০২৫ সালের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’-এ দ্বিতীয় স্থান অর্জন করা এবং বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা দুবার অনূর্ধ্ব-২১ বছরের সেরা খেলোয়াড়ের ট্রফি ‘কোপা ট্রফি’ জিতে ইয়ামাল প্রমাণ করেছেন, বিশ্বমঞ্চ মাতাতে তিনি পুরোপুরি প্রস্তুত।

লা রোহাদের ‘ইউরো জয়ী’ জাদুকর

বয়স ১৮ না পেরোতেই স্পেনের জাতীয় দলের জার্সিতে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন ইয়ামাল। গত উয়েফা ইউরো ২০২৪-এ স্পেনের শিরোপা জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন এই রাইট উইঙ্গার। ১৭ বছর পূর্ণ হওয়ার ঠিক পরের দিনই বার্লিনের মাঠে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন তিনি।

সেই আসরের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার করা দূরপাল্লার মহাকাব্যিক গোলটি তাকে ইউরোর ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার গৌরব এনে দেয়।

পুরো টুর্নামেন্টে ৪টি অ্যাসিস্ট করে নিজের করে নেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। বার্সেলোনার হয়ে ইতিমধ্যেই ১৫১ ম্যাচ খেলে লা লিগাসহ মোট ৬টি ক্লাব ট্রফি জেতা এই উইঙ্গারের সৃজনশীলতা, নিখুঁত ড্রিবলিং ও ম্যাচ রিডিং ক্ষমতা প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য এক জীবন্ত আতঙ্ক।

আরও পড়ুন:
এক্সক্লুসিভ সাক্ষাৎকার: মেসি-রোনালদোদের পাশে নিজের নাম চান ইয়ামাল

কিংবদন্তিদের চোখে ‘ঈশ্বরপ্রদত্ত উপহার’

লামিনে ইয়ামালের পায়ের জাদু ও অবিশ্বাস্য ফুটবল পরিপক্বতা দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল বিশ্বের রথী-মহারথীরা।

আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি নতুন প্রজন্ম থেকে সরাসরি ইয়ামালকে বেছে নিয়ে বলেছেন, “নতুন প্রজন্মের মধ্যে থেকে যদি আমাকে কোনো একজনকে বেছে নিতে বলা হয়, তবে আমি লামিনকেই বেছে নেব। এই বয়সে সে যা করে দেখিয়েছে এবং তার সামনে যে ভবিষ্যৎ পড়ে রয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য।”

বার্সেলোনাতে ইয়ামালকে প্রথম সুযোগ দেওয়া সাবেক কোচ জাভি হার্নান্দেজ তার তুলনা করেছেন ফুটবলের শ্রেষ্ঠ জিনিয়াসদের সাথে।

জাভি বলেন, “সে এক বিশেষ প্রতিভা। ১৫-১৬ বছর বয়সে সে যেভাবে পেশাদার ফুটবলারদের ড্রিবলিং করে কাটিয়ে যেত, তা কেবল নেইমার বা মেসির মতো খেলোয়াড়দের ক্ষেত্রেই দেখা যেত।”

অন্যদিকে, স্পেনের জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে তার প্রশংসা করে বলেছেন, “লামিনের মধ্যে এমন এক পরিপক্বতা রয়েছে যা সাধারণত ২৪-২৫ বছর বয়সী খেলোয়াড়দের মধ্যে দেখা যায়। ও আসলে ঈশ্বরের দেওয়া এক বিশেষ উপহার।”

বর্তমান বার্সা বস হ্যান্সি ফ্লিক এবং ম্যান সিটির পেপ গুয়ার্দিওলাও একবাক্যে স্বীকার করেছেন, ইয়ামাল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হয়ে ওঠার পথেই হাঁটছেন।

গ্রুপ পর্বে ইয়ামাল ও স্পেনের সময়সূচি

এবারের বিশ্বকাপে ‘গ্রুপ জে’-তে লড়বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বিশ্বমঞ্চে নিজের অভিষেক রাঙাতে ইয়ামাল প্রথম মাঠে নামবেন আগামী ১৫ জুন।

গ্রুপ পর্বে স্পেনের ম্যাচগুলোর সূচি:

১৫ জুন: স্পেন বনাম কেপ ভার্দে (আটলান্টা স্টেডিয়াম)

২১ জুন: স্পেন বনাম সৌদি আরব (আটলান্টা স্টেডিয়াম)

২৬ জুন: উরুগুয়ে বনাম স্পেন (গুয়াদালাহারা স্টেডিয়াম)

লা রোহা সমর্থক থেকে শুরু করে পুরো ফুটবল বিশ্বের কোটি ভক্তের চোখ এবার থাকবে এই ১৮ বছর বয়সী ফুটবল বিস্ময়ের ওপর। স্পেনের এই নতুন ডানা লামিনে ইয়ামাল প্রস্তুত নিজের প্রথম বিশ্বকাপেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখাতে।

আরও পড়ুন:
বিশ্বকাপের বিস্ময়-১: ব্রাজিলের হেক্সা মিশনের মূল বাজি এনড্রিক