গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বমঞ্চের লড়াইয়ে অংশ নিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দল যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছানোর ঠিক এক দিন পরই নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওরা আজ সকালে আমেরিকার নিউ জার্সির উদ্দেশ্যে নিজেদের মাতৃভূমি ছেড়েছে। তবে দেশ ছাড়ার আগে প্রিয় ফুটবলারদের একনজর দেখতে আসা হাজারো ভক্ত-সমর্থকদের পরম ভালোবাসায় সিক্ত হয়েছেন নেইমার ও রাফিনিয়ারা।
আজ সকালে এক বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যে টিম হোটেল ছাড়ার সময় ভক্তদের এই ভালোবাসার দারুণ জবাব দেন ব্রাজিলের ফুটবলাররা।
বাররা দা তিজুকায় অবস্থিত হিলটন হোটেলে অবস্থান করছিল পাঁচবারের বিশ্বসেরাদের পুরো বহর। সেখান থেকে বিদায় নেওয়ার আগে প্রিয় তারকাদের একটু ছুঁয়ে দেখতে হোটেল প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অন্ধ ভক্ত। সমর্থকদের সাথে কুশল বিনিময়, অটোগ্রাফ দেওয়া এবং ছবি তোলার মাধ্যমে এই বিদায়ি মুহূর্তটিকে চিরস্মরণীয় করে রাখেন ফুটবলাররা।
বরাবরের মতোই সমর্থকদের মাঝে সবচেয়ে বেশি উন্মাদনা ও উচ্ছ্বাস দেখা গেছে পোস্টার বয় নেইমার জুনিয়রকে ঘিরে।
নিরাপত্তার কড়া বেষ্টনী পেরিয়ে এই তারকা ফরোয়ার্ড নিজে গিয়ে ভক্তদের সাথে করমর্দন করেন ও তাদের শুভেচ্ছা গ্রহণ করেন।
স্টাইলিশ লুকে নেইমার, কড়া নিরাপত্তায় সিবিএফ সদর দপ্তর
ভ্রমণের ক্লান্তি দূর করতে বিশেষভাবে তৈরি রিকার্দো আলমেইদার নকশা করা পোশাকে ভক্তদের সামনে হাজির হয়েছিলেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী।
ঢিলেঢালা প্যান্ট, কনুই পর্যন্ত গোটানো হাতার শার্ট ও চোখে ডিজাইনার সানগ্লাস পরিহিত নেইমারকে বেশ ফুরফুরে ও স্বচ্ছন্দ দেখাচ্ছিল। শুধু নেইমারই নন, সমর্থকদের এই উপচে পড়া ভিড়ে হাসিমুখে সময় দিয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার, অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো, ব্রুনো গিমারায়েস এবং ফরোয়ার্ড রাফিনিয়াও।
হোটেল থেকে বের হওয়ার পর পুরো ব্রাজিল দল সরাসরি চলে যায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মূল সদর দপ্তরে।
বাররা দা তিজুকাতেই অবস্থিত এই প্রধান কার্যালয়ে যাওয়ার পথে ফুটবলারদের পুরো দলটিকে ফেডারেল হাইওয়ে পুলিশের (পিআরএফ) একটি বিশাল ও কড়া নিরাপত্তাবাহী বহর স্কর্ট দিয়ে নিয়ে যায়।
বিমানে চড়ে গ্রুপ ছবি পোস্ট সিবিএফের
সিবিএফ সদর দপ্তরে সংক্ষিপ্ত এক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দুপুরের দিকে রিও ডি জেনিরোর গালেয়াও বিমানবন্দরে পৌঁছান ফুটবলাররা।
সেখান থেকে স্থানীয় সময় রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশ্যে আকাশে ওড়ে সেলেসাওদের বহনকারী বিমানটি। বিমানে আসন গ্রহণ করার পর বিশ্বজয়ের মিশনে থাকা নেইমার-ভিনিসিউসরা সবাই মিলে একটি জমকালো গ্রুপ ছবি তোলেন। সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ছবিটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন:
বিশ্বকাপের বিস্ময়-১: ব্রাজিলের হেক্সা মিশনের মূল বাজি এনড্রিক

